ছয় মাসে বিএনপির ৩৮ নেতাকর্মী নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ছয় মাসে বিএনপির ৩৮ নেতাকর্মী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
ছয় মাসে বিএনপির ৩৮ নেতাকর্মী নিহত ছবির ক্যাপশন:

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৩৮ জন নেতাকর্মী নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২৮ জুলাই পর্যন্ত নিহতদের মধ্যে বিএনপির ২১ জন, যুবদলের ৮ জন, ছাত্রদলের ২ জন, শ্রমিক দলের ২ জন, কৃষক দলের ২ জন, স্বেচ্ছাসেবক দলের ২ জন এবং তাঁতি দলের একজন রয়েছেন। এদিকে পুলিশ বলছে, অধিকাংশ ঘটনার পেছনে রাজনৈতিক আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ বিরোধ, পূর্বশত্রুতা, চাঁদাবাজি, দখল-বাণিজ্য ও বেআইনি অর্থনৈতিক স্বার্থ কাজ করেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সারাদেশে মোট এক হাজার ৯১টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। একই সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে ২৪ জুলাই রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী মো. ইউসুফ আলী পারভেজ নিহত হন। পুলিশ জানায়, কাফরুল থানা যুবদলের এক নেতাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হলেও লক্ষ্যভ্রষ্ট গুলিতে পারভেজ নিহত হন। এ ঘটনায় ভাড়াটে শ্যুটারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ২১ জুলাই সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মী ইব্রাহিম পলাশ, ১৫ জুলাই কিশোরগঞ্জে উপজেলা বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর এবং ৮ জুন রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পৃথক ঘটনায় নিহত হন। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও বাগেরহাটেও বিএনপির একাধিক নেতাকর্মী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে অন্তত ৬১০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩৬ জন নিহত এবং ৪ হাজার ৭৮ জন আহত হন। সংস্থাটির দাবি, অধিকাংশ ঘটনাই বিএনপির অভ্যন্তরীণ বিরোধ অথবা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে ঘটেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং অধিকাংশ ঘটনার পেছনে স্থানীয় আধিপত্য, ফুটপাত, ময়লা-বাণিজ্য, দখল ও ব্যবসা নিয়ন্ত্রণের বিরোধ রয়েছে। অপরাধবিজ্ঞানী তৌহিদুল হকও রাজনৈতিক সহিংসতা কমাতে আইনের শাসন নিশ্চিত ও নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে হত্যার অভিযোগ