চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার এই উইঙ্গার স্পেনের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন। বিশ্বকাপে স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হলেও ইয়ামালের বিশ্বাস, শেষ পর্যন্ত ট্রফি উঠবে তাদের হাতেই।
গোল ডটকমের প্রকাশিত এক প্রতিবেদনে ইয়ামাল বলেন, টুর্নামেন্ট শুরুর পর থেকেই তার বিশ্বাস ছিল স্পেনই বিশ্বকাপ জিতবে। তার ভাষায়, ‘আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি।’ তিনি আরও বলেন, প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই নিজের মনে শিরোপা জয়ের বিশ্বাস কাজ করছে এবং সেই আত্মবিশ্বাস এখনও অটুট রয়েছে।
সম্ভাব্য সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ইয়ামাল আত্মবিশ্বাসী কণ্ঠেই বলেন, ইউরো চ্যাম্পিয়নশিপের পর থেকে ফ্রান্স স্পেনকে হারাতে পারেনি। তাই তিনি মনে করেন না যে ফরাসিরা স্পেনের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না এই তরুণ ফুটবলার। তিনি স্বীকার করেন, ফ্রান্স বর্তমানে দারুণ ছন্দে রয়েছে এবং তাদের দলে বিশ্বমানের অনেক ফুটবলার আছেন। তারপরও তার মতে, কেবল ভালো ফর্মে থাকলেই কোনো দল অন্য সবার চেয়ে এগিয়ে যায় না।
এবারের বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে আলোচনায় আসেন ইয়ামাল। সেই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে ম্যাচের প্রথম গোলদাতাদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ডে ভাগ বসান। ১৯৫৮ সালের বিশ্বকাপে ১৭ বছর বয়সে ওয়েলসের বিপক্ষে গোল করে যে কীর্তি গড়েছিলেন পেলে, দীর্ঘ সময় পর সেই অর্জনের সঙ্গে নিজের নাম যুক্ত করেন ইয়ামাল।
বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্স এবং আত্মবিশ্বাসী মানসিকতার কারণে লামিন ইয়ামালকে ভবিষ্যৎ ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে বিবেচনা করছেন অনেক ফুটবল বিশ্লেষক ও সমর্থক।
কসমিক ডেস্ক