চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার (২৪ মে) সকালে উপজেলার মিলিটারী পুল এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ওই যুবক কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে কারখানার ভেতরে থাকা লোকজন তাকে আটক করে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় কারখানার তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তারা হলেন—কারখানার মানবসম্পদ বিভাগের ম্যানেজার মো. মোশাররফ, সহকারী জেনারেল অ্যাডমিন হাফেজ মো. মনিরুল ইসলাম এবং ডিউটি ইনচার্জ আমির হোসেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, ভোরে কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশের সময় তাকে আটক করা হয়। তবে আটক করার পর আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে তাকে মারধর করা হয়, যা পরবর্তীতে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বলছেন—আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও পরিষ্কার হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক