জিপিএস ছাড়া মিলবে না গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জিপিএস ছাড়া মিলবে না গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
জিপিএস ছাড়া মিলবে না গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ ছবির ক্যাপশন:

দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা আজ (১ আগস্ট) থেকে বাধ্যতামূলক করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে জিপিএস সংযুক্ত ও কার্যকর না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান কিংবা ফিটনেস নবায়ন করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ আগস্ট) থেকে নতুন নিবন্ধন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট গাড়িতে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ডিভাইস সচল রয়েছে—এমন কার্যকারিতাও প্রদর্শন করতে হবে। এর মাধ্যমে যানবাহনে জিপিএস ব্যবহারের বিষয়টি কার্যকরভাবে নিশ্চিত করতে চায় বিআরটিএ।

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন কোনো গাড়ি নিবন্ধনের জন্য এলে সেটিতে জিপিএস সংযুক্ত থাকা বাধ্যতামূলক। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস থাকতে হবে। বিষয়টি যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করছে, যাতে সহজেই কোনো গাড়িতে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না তা নিশ্চিত করা যায়।

এদিকে, রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান মনে করেন, শুধু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রত্যাশিত সুফল অর্জন সম্ভব নয়। তাঁর মতে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। সুশাসনের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলেই এ উদ্যোগের কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হবে।

বিআরটিএর নতুন এই নির্দেশনার ফলে গণপরিবহনে প্রযুক্তিনির্ভর তদারকি জোরদার হবে বলে সংশ্লিষ্টদের ধারণা। একই সঙ্গে নিবন্ধন ও ফিটনেস সনদ প্রক্রিয়ায় জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক হওয়ায় যানবাহনের অবস্থান পর্যবেক্ষণ ও তদারকির সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০

ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০