৩০ পেরোনো খেলোয়াড়দের দলে জায়গা হবে না, জানালেন আনচেলত্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৩০ পেরোনো খেলোয়াড়দের দলে জায়গা হবে না, জানালেন আনচেলত্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
৩০ পেরোনো খেলোয়াড়দের দলে জায়গা হবে না, জানালেন আনচেলত্তি ছবির ক্যাপশন:

২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী দিনের ব্রাজিল দলে ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের আর বিবেচনায় রাখা হবে না। তার লক্ষ্য এখন নতুন প্রজন্মের একটি প্রতিযোগিতামূলক দল গড়ে তোলা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ২০২৬ বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের অধ্যায়ের সমাপ্তি হয়েছে। তার ভাষায়, নেইমার, দানিলো ও কাসেমিরোর মতো অভিজ্ঞদের সময় শেষ হয়েছে।

এরই মধ্যে নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো এবং ৩৪ বছর বয়সী কাসেমিরো এখনো আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও তাদের ভবিষ্যৎ জাতীয় দলে দেখছেন না আনচেলত্তি।

তবে পুরো দল একসঙ্গে বদলে ফেলার পক্ষপাতী নন এই ইতালিয়ান কোচ। তিনি মনে করেন, নতুনদের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে রাখা প্রয়োজন, যাতে দলের ধারাবাহিকতা বজায় থাকে। এ ক্ষেত্রে মারকিনিওসের মতো খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আনচেলত্তির মতে, ব্রাজিলের প্রথম বড় লক্ষ্য হবে ২০২৮ সালের কোপা আমেরিকা। সেই টুর্নামেন্টকে সামনে রেখে দ্রুত নতুন প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে তার। তিনি স্পষ্ট করে বলেন, এখনই ২০৩০ বিশ্বকাপ নয়, বরং কোপা আমেরিকাকে সামনে রেখেই দল গঠন করা হচ্ছে।

আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচসহ নির্ধারিত ম্যাচগুলোতে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করে দেখার কথাও জানিয়েছেন আনচেলত্তি। তার মতে, যেসব ফুটবলারকে এখনো কাছ থেকে মূল্যায়ন করা হয়নি, তাদের সুযোগ দেওয়ার এটিই সেরা সময়।

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হারের প্রসঙ্গে আত্মসমালোচনাও করেছেন ব্রাজিল কোচ। তিনি স্বীকার করেন, হাইড্রেশন বিরতির পর কৌশলগত পরিবর্তনের কারণে দল ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে নেইমারকে নামিয়েও পরিস্থিতি বদলানো সম্ভব হয়নি।

খেলার ধরন নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেন আনচেলত্তি। তিনি বলেন, ভিনিসিয়ুস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও ও রাফিনিয়ার মতো গতিময় ফুটবলারদের নিয়ে ব্রাজিলের আরও দ্রুতগতির ও সরাসরি আক্রমণভিত্তিক ফুটবল খেলা উচিত।

এ ছাড়া গোলরক্ষকের অবস্থানেও নতুন মুখ খুঁজে দেখার ইঙ্গিত দিয়েছেন তিনি। আলিসন ও এডারসনের অভিজ্ঞতার প্রশংসা করলেও ব্রাজিলিয়ান লিগে উঠে আসা তরুণ গোলরক্ষকদের নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরিকল্পনার কথা জানিয়েছেন আনচেলত্তি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের পোশাক শিল্পে চীনা বিনিয়োগ বাড়াতে উদ্যোগী বিজিএমইএ

বাংলাদেশের পোশাক শিল্পে চীনা বিনিয়োগ বাড়াতে উদ্যোগী বিজিএমইএ