লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা এখনো থামেনি। ২০২৬ বিশ্বকাপ শেষে তিনি জাতীয় দল থেকে অবসর নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আর্জেন্টাইন অধিনায়ক। এরই মধ্যে তাকে ২০৩০ বিশ্বকাপেও খেলতে দেখতে অভিনব এক প্রস্তাব দিয়েছেন বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-র প্রতিবেদনে বলা হয়েছে, ‘সুপার দেপোর্তিভো রেডিও’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার হয়ে খেলা সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, তিনি আশা করেন মেসি এখনই অবসর নেবেন না এবং পরবর্তী বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন।
অ্যান্টোনিওর মতে, ৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্স বিশ্বমানের। তার ভাষায়, সাম্প্রতিক বিশ্বকাপে মেসি আগের যেকোনো আসরের তুলনায় আরও পরিপূর্ণ ফুটবল খেলেছেন এবং অন্য অনেক খেলোয়াড়ের চেয়ে উচ্চমানের পারফরম্যান্স উপহার দিয়েছেন।
মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি একটি ব্যতিক্রমী উদ্যোগেরও প্রস্তাব দেন। তার মতে, বিশ্বজুড়ে ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে একটি খোলা চিঠি মেসির কাছে পাঠানো যেতে পারে, যাতে তাকে আন্তর্জাতিক ফুটবলে আরও কিছুদিন থাকার অনুরোধ জানানো হবে।
এফএম দেল সোলের বরাতে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের স্বাক্ষরসহ একটি চিঠি মেসির কাছে পাঠানো হলে সেটি তার প্রতি সমর্থন ও ভালোবাসার প্রতীক হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, 'মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল আর আগের মতো থাকবে না।'
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও ভক্ত এবং সাবেক খেলোয়াড়দের প্রত্যাশা একটাই—আর্জেন্টিনার জার্সিতে আরও একটি বিশ্বকাপে যেন মাঠ মাতান লিওনেল মেসি।
কসমিক ডেস্ক