দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৮ মার্চ) দুপুরে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই মামলায় আনিস আলমগীরের পক্ষে গত ২৫ ফেব্রুয়ারি জামিন আবেদন করা হয়েছিল।
আদালত শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।
রোববার শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি না—সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আইনজীবী তাসলিমা জাহান বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়।
পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরে আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত আনিস আলমগীরকে জামিন দেন।
এর মধ্যে গত ১৫ জানুয়ারি তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরে ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক।
আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, আনিস আলমগীর প্রায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
মামলাটির তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
কসমিক ডেস্ক