ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ চাঁদপুরবাসী, ডাম্পিং স্টেশন সরানোর দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ চাঁদপুরবাসী, ডাম্পিং স্টেশন সরানোর দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ চাঁদপুরবাসী, ডাম্পিং স্টেশন সরানোর দাবি ছবির ক্যাপশন:

চাঁদপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একমাত্র ময়লা-আবর্জনা ডাম্পিং স্টেশনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। দীর্ঘদিন ধরে পচা দুর্গন্ধ, আবর্জনা পোড়ানোর ধোঁয়া এবং পরিবেশ দূষণের কারণে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ অবস্থায় ডাম্পিং স্টেশনটি দ্রুত শহরের বাইরে স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পৌরসভার স্বর্ণখোলা রোডসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ডাম্পিং স্টেশনটি একসময় জনবসতিহীন এলাকায় নির্মাণ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর চারপাশে গড়ে উঠেছে আবাসিক ভবন, বিভিন্ন স্থাপনা এবং মানুষের বসতি। বর্তমানে এলাকাটি শহরের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হওয়ায় ডাম্পিং স্টেশনটি স্থানীয়দের জন্য বড় ধরনের জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা নাছির আলম ও তাছলিমা আক্তার জানান, প্রতিদিন ময়লা ফেলার কারণে ডাম্পিং স্টেশনটি বিশাল আকার ধারণ করেছে। সেখান থেকে সারাক্ষণ দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এছাড়া নিয়মিত আবর্জনা পোড়ানোর ফলে কালো ধোঁয়া ও বিষাক্ত গন্ধে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ এবং সাধারণ বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে বর্ষাকালে দুর্গন্ধ আরও তীব্র হয় এবং মশা-মাছির উপদ্রব বেড়ে যায়। এতে ডেঙ্গু, শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষ্মাসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে বলে তাদের আশঙ্কা।

ভুক্তভোগীরা জানান, সুস্থ পরিবেশে বসবাসের স্বার্থে ডাম্পিং স্টেশনটি দ্রুত জনবসতি থেকে দূরে স্থানান্তর করা প্রয়োজন। তারা এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন বলেন, শহরের বাইরে উপযুক্ত জমি পাওয়া মাত্রই ডাম্পিং স্টেশনটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। তবে বিভিন্ন এলাকায় জমি খোঁজা হলেও ডাম্পিং স্টেশন স্থাপনের বিষয়টি জানতে পারলে স্থানীয়রা জমি বিক্রিতে অনাগ্রহ প্রকাশ করছেন। ফলে নতুন স্থান নির্ধারণে জটিলতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং উপযুক্ত স্থান পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সিলেটে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, তিনজন আটক

সিলেটে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, তিনজন আটক