পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ ছবির ক্যাপশন:

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্র জানায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ছয়জন নারী ও একজন ছেলে শিশুসহ মোট সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসার পর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, সীমান্ত এলাকায় কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রস্তুতির খবর পেয়ে স্থানীয়রা দ্রুত বিজিবিকে অবহিত করেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবার ভারতের অভ্যন্তরে ফিরে যান।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি তা সফলভাবে প্রতিহত করে।

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, নবাবগঞ্জে তিনজনের কারাদণ্ড

ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, নবাবগঞ্জে তিনজনের কারাদণ্ড