রাজশাহী-৪ (বাগমারা) আসনের শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জামায়াত কর্মীর নাম এনামুল হক (৪২)। তিনি ইসমাইলপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর মেন্দিপাড়া ভোটকেন্দ্রের পাশে বিএনপির সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খলাকারী কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাসদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে কেন্দ্রের আশপাশে আবারও অবস্থান নেয় তারা।
এ সময় স্থানীয় বিএনপি নেতা আবদুস সালাম পারভেজের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে এনামুল হকের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জামায়াতের আরও দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যায়।
বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, জামায়াতের এক কর্মীকে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কসমিক ডেস্ক