পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকার কড়ইতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সলিম প্রামানিক (৬৫), তার স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীয়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সলিম প্রামানিকের মেয়ে নাজমিন খাতুন এবং নাতি রিয়াদ সরদারসহ আরও দুজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কেয়া খাতুনের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে পাবনায় ফিরছিলেন। পথে কড়ইতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ ও বুলু খাতুন নিহত হন। পরে গুরুতর আহত সলিম প্রামানিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক