আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রস্তুত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুদিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা। অংশগ্রহণকারী এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন, সংসদের স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
দলীয় সূত্র জানায়, এই প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদে বক্তব্য উপস্থাপন, নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির বিষয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সংসদীয় রীতি অনুসরণ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হবে।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রস্তুত করতে এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্র বলছে, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি, নীতিমালা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণে গুরুত্ব দেওয়ার বিষয়ে এই কর্মশালায় আলোচনা হচ্ছে।
এ ছাড়া মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও প্রশিক্ষণের অংশ হিসেবে আলোচনা করা হবে।
কসমিক ডেস্ক