চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি জানায়, চলতি জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, সব ধরনের অবৈধ চোরাচালান রোধ এবং সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি জানান, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি