ইতালির কোচ হতে পারেন গার্দিওলা, নিশ্চিত করলেন মালদিনি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইতালির কোচ হতে পারেন গার্দিওলা, নিশ্চিত করলেন মালদিনি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
ইতালির কোচ হতে পারেন গার্দিওলা, নিশ্চিত করলেন মালদিনি ছবির ক্যাপশন:

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ইতালি দীর্ঘদিন ধরেই কঠিন সময় পার করছে। টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এখন নতুন প্রধান কোচ নিয়োগ। আর সেই পরিকল্পনায় শুরুতেই বিশ্বের সেরা কোচদের একজন কার্লো আনচেলত্তির দ্বারস্থ হয়েছিল ইতালি ফুটবল ফেডারেশন (FIGC)।

বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। তিনি জানান, আনচেলত্তি দায়িত্ব নিতে রাজি না হওয়ায় এখন স্প্যানিশ কিংবদন্তি কোচ পেপ গার্দিওলাকে ইতালির ডাগআউটে আনার চেষ্টা চলছে।

মালদিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “পেপের আগে আনচেলত্তির সঙ্গে আমাদের কথা হয়েছিল। বিষয়টি গোপন রাখার কিছু নেই। আমরা বিশ্বের সেরা কোচদের দিয়েই শুরু করতে চেয়েছিলাম।”

জানা গেছে, নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরিবর্তে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। ফলে বিকল্প হিসেবে গার্দিওলার সঙ্গে আলোচনা শুরু করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ইতোমধ্যে এফআইজিসির সভাপতি জিওভান্নি মালাগোও গার্দিওলার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

তবে গার্দিওলা ইতালির নতুন কোচ হচ্ছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, ইতালির দায়িত্ব নেওয়ার আগ্রহ থাকলেও বেতন নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। স্প্যানিশ এই কোচ ইতালির প্রস্তাবের তুলনায় প্রায় দ্বিগুণ পারিশ্রমিক চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে গত এপ্রিলে জেনারো গাত্তুসো দায়িত্ব ছাড়ার পর থেকেই ইতালির প্রধান কোচের পদ শূন্য রয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির দায়িত্বে টানা এক দশক কাটানোর পর গার্দিওলাও বর্তমানে কোনো ক্লাব বা জাতীয় দলের সঙ্গে যুক্ত নন।

ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন গার্দিওলা। তার অধীনে ক্লাবটি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। পাশাপাশি ছয়টি প্রিমিয়ার লিগ, পাঁচটি লিগ কাপ এবং তিনটি এফএ কাপ শিরোপাও জিতেছে সিটিজেনরা।

যদি শেষ পর্যন্ত গার্দিওলাকে রাজি করানো সম্ভব না হয়, তাহলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে ইতালি। সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন সাবেক কোচ আন্তোনিও কন্তে ও রবার্তো মানচিনি। এছাড়া ইতালির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁদ জয়ের নতুন অধ্যায়, মহাকাশে আর্টেমিস-২

চাঁদ জয়ের নতুন অধ্যায়, মহাকাশে আর্টেমিস-২