ঢাকা জেলা প্রশাসনের সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে ‘হ্যালো ডিসি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন জানায়, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন। প্রাথমিকভাবে অ্যাপটি সরাসরি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে রিভিউ সম্পন্ন হলে এটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরেও উন্মুক্ত করা হবে। এছাড়া ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।
এছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১৬০৬০৬০ নম্বরে সরাসরি ফোন করেও সেবা গ্রহণের সুযোগ থাকবে।
‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। পাশাপাশি দাখিল করা আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট, এনজিও-সংক্রান্ত সেবা, লাইসেন্সিং, মিউটেশন, অর্পিত সম্পত্তি-সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন নাগরিক সেবা এই অ্যাপের মাধ্যমে প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে নাগরিকদের সময়, ব্যয় ও হয়রানি কমবে এবং জেলা প্রশাসনের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী হবে।
অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে নতুন নতুন সেবা সংযুক্ত করে ‘হ্যালো ডিসি’ অ্যাপকে একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
কসমিক ডেস্ক