কেউ প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এটি সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিপরিষদ গঠন করেছেন এবং প্রয়োজনে দপ্তর পুনর্গঠন বা পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁর রয়েছে। যদি কোনো মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রত্যাশিতভাবে কাজ করতে না পারেন বলে প্রধানমন্ত্রী মনে করেন, তাহলে তিনি প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন।
তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সে লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে দায়িত্বপ্রাপ্তদের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য নির্দিষ্ট ১৮০ দিনের সময়সীমা বিবেচনা করা হবে কি না—এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
সাইবার বুলিং প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে বহু নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
কসমিক ডেস্ক