মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর উপজেলা-এ নিখোঁজের পর আতিকা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই এলাকার অটোচালক পান্নু মিয়া (৪৫) এবং তার ভাই ফজলু (২৮)। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি বিয়ের অনুষ্ঠানে খেলাধুলা করছিল শিশু আতিকা। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে এক শিশুর মাধ্যমে জানা যায়, তাকে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে যেতে দেখা গেছে। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা জড়িত সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণচেষ্টার পর হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
কসমিক ডেস্ক