আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতেই এই কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি সারাদেশে দলীয় প্রার্থীদের বাছাই, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং সাংগঠনিক সমন্বয়ের কাজ করবে।
নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি নির্বাচন পরিচালনায় সার্বিক সমন্বয় ও প্রশাসনিক কার্যক্রম দেখভাল করবেন বলে জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা। পাশাপাশি দলের সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এই কমিটিতে এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এই কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং নির্বাচনী প্রস্তুতিতে সর্বাত্মক সহযোগিতা করবেন। দলীয় সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে নির্বাচন পরিচালনার লক্ষ্যেই এই কাঠামো গড়ে তোলা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, “সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড—যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে…”। তার এই বক্তব্যকে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক বার্তা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, সারজিস আলমের নেতৃত্বে নতুন কমিটি খুব শিগগিরই মাঠপর্যায়ে কাজ শুরু করবে। সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি, সাংগঠনিক শক্তি মূল্যায়ন এবং নির্বাচনী কৌশল নির্ধারণের কাজ এগিয়ে নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির এই উদ্যোগ দলটির সাংগঠনিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে সারজিস আলম দলীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।