রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) এবং থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য, আর কিয়াও নাইং ও থেইন জও দেশটির পুলিশ বাহিনীর সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায় বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।
সীমান্তবর্তী রাখাইন রাজ্যে চলমান অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক