রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেন প্রকল্প স্থানীয়দের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং সাম্প্রতিক টানা দুই দিনের বৃষ্টিতে পানি নিষ্কাশনের পথ ব্যাহত হয়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে শতাধিক পরিবার চরম দুর্ভোগের মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণের পর আগের স্বাভাবিক পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই বাড়িঘর, আঙিনা ও আশপাশের এলাকায় পানি জমে যাচ্ছে। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিশু ও বয়স্করা।
খোঁজ নিয়ে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরের প্রকল্পের আওতায় প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ড্রেন নির্মাণে ব্যয় করা হয় প্রায় ৮ কোটি টাকা। কয়েক মাস আগে প্রকল্পের নির্মাণকাজ শেষ হলেও বাস্তবে এর সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, ড্রেনটি কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। অনেক জায়গায় ড্রেন উপচে পানি আবার সড়ক ও বসতবাড়ির দিকে ফিরে আসছে। পাশাপাশি নিম্নমানের নির্মাণকাজের কারণে বিভিন্ন স্থানে ড্রেনের নিচে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয়রা দ্রুত জলাবদ্ধতা নিরসন, ড্রেনের নকশা ও নির্মাণকাজের মান যাচাই এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরও যদি জনগণের দুর্ভোগ কমে না, তবে প্রকল্পের কার্যকারিতা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের পীরগাছা উপজেলার সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, রাস্তার উচ্চতা বিবেচনায় রেখে ড্রেন নির্মাণ করা হয়েছে। কিছু এলাকা রাস্তার তুলনায় নিচু হওয়ায় সেখানে পানি জমছে, যা ড্রেনের কারণে নয়। তবে কয়েকটি স্থানে গর্ত তৈরি হওয়ায় সেগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক