বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বিশ্ব ক্রিকেট প্রশাসনে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।
স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইসিসি বোর্ডের অনুমোদনের মাধ্যমে গঠিত এই নতুন উপকমিটির মূল লক্ষ্য বিশ্বজুড়ে দ্রুত বিস্তৃত হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতিগত দিকনির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তদারকি করা।
তামিমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এই কমিটিতে আরও রয়েছেন ক্রিকেট নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গোল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
তবে কমিটির দায়িত্বের পরিধি, কার্যকাল কিংবা প্রথম বৈঠকের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসিসি।
একই বার্ষিক সভায় বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে তামিম ইকবালকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক (Full Member Director) হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
এদিকে আইসিসি আরও একটি গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন ভারতের দেবজিৎ সাইকিয়া। অন্য সদস্যরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ।
বার্ষিক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য দেশ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাবও আইসিসি বোর্ড অনুমোদন করেছে, যা সংস্থাটির আর্থিক সহায়তা কর্মসূচির অংশ।
বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জনপ্রিয়তা ও বাণিজ্যিক গুরুত্ব দ্রুত বাড়তে থাকায় নতুন এই কমিটির ভূমিকা ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। সেই কমিটির নেতৃত্বে একজন বাংলাদেশির নিয়োগ দেশের ক্রিকেটের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
কসমিক ডেস্ক