বলিউড অভিনেত্রী Ananya Panday অভিনীত নতুন ছবি Chand Mere Dil মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় রয়েছে। তবে সেই আলোচনা খুব একটা ইতিবাচক নয়। ছবির একটি বিশেষ দৃশ্যে অনন্যার ভরতনাট্যম নৃত্য পরিবেশন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা, ট্রোলিং এবং মিমের বন্যা।
ছবিটিতে অনন্যা ‘চাঁদনি’ নামের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন। গল্প অনুযায়ী, তিনি একই সঙ্গে একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পীও। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তাকে মঞ্চে ঐতিহ্যবাহী এই ধ্রুপদী নৃত্য পরিবেশন করতে দেখা যায়। সেই দৃশ্যেই মুগ্ধ হয়ে যান ছবির নায়ক।
তবে দর্শকদের একটি বড় অংশ অনন্যার এই নাচ মোটেও ভালোভাবে নেয়নি। অনেকেই মনে করছেন, ভরতনাট্যমের মতো ক্লাসিক্যাল নৃত্যের আবেগ ও শৈল্পিকতা পর্দায় ঠিকভাবে তুলে ধরতে পারেননি তিনি।
সামাজিক মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি ছয় বছর ভরতনাট্যম শিখেছি, পর্দায় এটা কী দেখলাম!” আরেকজন মন্তব্য করেন, “অনন্যার নাচ না পারার বিষয়টা লুকাতে গিয়ে পুরো দৃশ্যটাই অস্বস্তিকর হয়ে গেছে।” কেউ কেউ আবার হাস্যরস করে লিখেছেন, “এই নাচ দেখে নায়ক কীভাবে মুগ্ধ হলো, সেটা বুঝতে ডাক্তার লাগবে!”
নাচের এই দৃশ্য ঘিরে নতুন করে বলিউডের নেপোটিজম বিতর্কও সামনে এসেছে। অনেক নেটিজেনের দাবি, তারকা-সন্তান হওয়ার কারণেই অনন্যা বারবার বড় বাজেটের ছবিতে সুযোগ পাচ্ছেন। সমালোচকদের মতে, অভিনয় বা নাচের দক্ষতার চেয়ে পরিচিত পারিবারিক ব্যাকগ্রাউন্ডই তাকে এগিয়ে রাখছে।
যদিও সামাজিক মাধ্যমে ট্রোলিং থামছে না, তবুও বক্স অফিসে ছবিটির পারফরম্যান্স মোটামুটি ভালোই। মুক্তির তৃতীয় দিন পর্যন্ত ভারতে প্রায় ২ হাজার ৮৩৮টি শো চলেছে ছবিটির। তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯ দশমিক ১ কোটি রুপি।
বিশ্লেষকদের মতে, বিতর্ক এবং ট্রোলিং কখনো কখনো ছবির প্রচারণাকেও বাড়িয়ে দেয়। আর সেই কারণেই সামাজিক মাধ্যমে নেতিবাচক আলোচনা থাকলেও দর্শকদের কৌতূহল বাড়ছে ছবিটি ঘিরে।
কসমিক ডেস্ক