“ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি” The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

“ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি”

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
“ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি” ছবির ক্যাপশন:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দেশীয় প্রযুক্তির সক্ষমতা ও বাংলাদেশি প্রকৌশলীদের অবদান তুলে ধরেছেন। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং বাংলাদেশি প্রকৌশলীদের মেধার মাধ্যমে তৈরি হয়েছে। এমনকি অত্যন্ত সাশ্রয়ী ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবকও চুয়েটের একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়েট এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশ ও বিশ্বের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবেন।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চুয়েটে ভর্তি হওয়ার মাধ্যমে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বিশেষ অংশে পরিণত হয়েছেন। তবে এই অর্জনকে অর্থবহ করতে হলে কঠোর অধ্যবসায়, গবেষণামুখী মানসিকতা এবং আত্মোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে সফরের সময় বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ফ্রান্সের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সফলভাবে দায়িত্ব পালন করতে দেখেছেন। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স এবং স্যামসাংয়ের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চুয়েটের সাবেক শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে। পাশাপাশি ‘ভূমি দৃষ্টি’ নামে জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর একটি অ্যাপ ব্যবহার করে মাঠপর্যায়ের সরকারি কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব উদ্যোগ সরকারি সেবাকে আরও স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনা সবই থাকবে। তবে কোনো পরিস্থিতিতেই মাদকের আশ্রয় নেওয়া উচিত নয়। মাদক কখনো সমস্যার সমাধান নয়; বরং এটি একজন শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইফুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

গেস্ট অব অনারের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, পৃথিবী বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; প্রয়োজন হবে বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, গবেষণার মানসিকতা, কার্যকর যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং নৈতিক নেতৃত্বের গুণাবলি।

তিনি বলেন, আজকের নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বিশ্বমানের গবেষক, প্রযুক্তি উদ্ভাবক, সফল উদ্যোক্তা, শিল্পনেতা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে। সেই লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, গবেষণা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

দেশীয় প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ভূমি সেবার সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে উন্নীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে উন্নীত