দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছে, যা বর্তমানে বাজারে কার্যকর রয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (৩০ মে) থেকে মূল্যবান এই ধাতুগুলো সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। এর আগে গত ২৫ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা করে বাজুস।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধির কারণে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় আনা হয়েছে এবং তা কার্যকর হয়েছে সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ২৩ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে রুপার দাম ৪০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং মাত্র ৩ বার কমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলার রেট এবং স্থানীয় চাহিদা-সরবরাহের ওপর নির্ভর করে স্বর্ণ ও রুপার দামে এই ওঠানামা হচ্ছে।
কসমিক ডেস্ক