ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)।
শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি বলেন, ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বরং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরিবেশ পরিচ্ছন্ন রাখলে মশার প্রজনন কমবে এবং ডেঙ্গুর ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
প্রতিমন্ত্রী বলেন, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখতে বাসাবাড়ি, আশপাশের খোলা জায়গা এবং পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি সবাইকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ৩০ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির সূচনা উপলক্ষে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ানসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধনের ওষুধ স্প্রে, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালিত হবে।
বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, মাদকাসক্তি ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সবার জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল জানান, এক মাসব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সচেতনতা তৈরি করা হবে। একই সঙ্গে নিয়মিত মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে বিশেষভাবে লার্ভা ও এডাল্ট মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মশক নিয়ন্ত্রণ বিভাগের ১৮ জন কর্মী এদিন বিশেষ দায়িত্ব পালন করেন। এছাড়া পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানোর পাশাপাশি বাসাবাড়ি, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও অন্যান্য পানি জমার স্থান নিয়মিত পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা ও অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে বড় শক্তি।
কসমিক ডেস্ক