রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ছবির ক্যাপশন:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাট পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই আমের বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় আম ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরকালে তিনি বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং রাজশাহীর বিখ্যাত বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কয়েকটি জাতের আমের স্বাদও গ্রহণ করেন।

স্থানীয় ব্যবসায়ী ও কৃষকেরা রাষ্ট্রদূতকে রাজশাহীর আম উৎপাদন, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। তারা আশা প্রকাশ করেন, বিদেশি কূটনীতিকদের এমন আগ্রহ রাজশাহীর আমকে বিশ্ববাজারে আরও পরিচিত করতে সহায়ক হবে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি জানান, রাষ্ট্রদূত হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। যদিও ২০২০ সালে তিনি একবার রাজশাহীতে এসেছিলেন, তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসে স্থানীয় আমের স্বাদ নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঞ্চল থেকে এসেছেন এবং কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতা বিশেষ মূল্য বহন করে। তার মতে, রাজশাহীর আমের স্বাদ ও তাজা মান সত্যিই প্রশংসনীয়।

বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে আমের চাহিদা রয়েছে, তবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই হিমায়িত আম পাওয়া যায়। এ কারণে বাংলাদেশে উন্নত কোল্ড চেইন বা হিমাগার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, সংরক্ষণ ও রপ্তানি ব্যবস্থার উন্নয়ন হলে বাংলাদেশি আম আন্তর্জাতিক বাজারে আরও বড় অবস্থান তৈরি করতে সক্ষম হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাগাতিপাড়ায় নারী জামায়াতের বিশাল মিছিল ও পথসভা

বাগাতিপাড়ায় নারী জামায়াতের বিশাল মিছিল ও পথসভা