বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের শিক্ষা, থেরাপি ও সার্বিক বিকাশে পরিচালিত কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।
পরিদর্শনের সময় অতিথিরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষাদান পদ্ধতি, বিভিন্ন থেরাপি সেবা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে তারা সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
এ সময় বিমানবাহিনী প্রধান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, নিয়মিত থেরাপি এবং পারিবারিক সহযোগিতার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিদ্যালয়ের শিক্ষক, থেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
তিনি ভবিষ্যতেও শিশুদের সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশেষ শিশুদের জন্য আরও সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। তাদের সৃজনশীল পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরা হয়, যা অতিথিদের প্রশংসা কুড়ায়।
এ সময় সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বিমান সদরের এয়ার অধিনায়ক, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, অভিভাবক এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমানবাহিনীর উদ্যোগে পরিচালিত ‘ব্লু স্কাই’ স্কুল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও দক্ষতা উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ বিশেষ শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও উন্নয়নের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কসমিক ডেস্ক