তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা ছবির ক্যাপশন:

দেশের তিনটি গুরুত্বপূর্ণ নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কয়েকটি জেলায় নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে সাঙ্গু, কুশিয়ারা এবং সোমেশ্বরী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপরে রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী স্টেশন, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ স্টেশন এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও হালদা, সাঙ্গু, মাতামুহুরী, গোমতী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী দুই দিনের মধ্যে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কয়েকটি নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সুরমা নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় উভয় নদীর পানির স্তর আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদীসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার পাশাপাশি সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও নতুন করে জলাবদ্ধতা ও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

অন্যদিকে রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

তবে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কিছুটা কমতে পারে। এর ফলে এসব এলাকার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালে ৪ লাখ টাকা জরিমানা!