ইরানি একটি যাত্রীবাহী বিমানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী অভিযোগ করেছে, সৌদি আরব বিমানটিকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ অভিযোগ তুলে সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দেন।
হুথিদের দাবি, তেহরান থেকে ইয়েমেনের রাজধানী সানার উদ্দেশে আসা বিমানটি সৌদি যুদ্ধবিমানের মুখোমুখি হয়েছিল। তারা এই ঘটনাকে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সৌদি আরবের বিমানবন্দর, স্থলভাগ এবং সমুদ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।
ইয়াহিয়া সারিয়া আরও জানান, যেকোনো ধরনের চাপ বা নিরাপত্তা ঝুঁকি থাকলেও সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল বন্ধ করা হবে না। এই রুটে নিয়মিত ফ্লাইট চলবে বলেও তিনি উল্লেখ করেন।
হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহর তথ্যমতে, শুক্রবার ইরানি যাত্রীবাহী বিমানটি নিরাপদে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে একই বিমান হুথিদের একটি সরকারি প্রতিনিধিদলকে নিয়ে তেহরানের উদ্দেশে যাত্রা করে। প্রতিবেদনে বলা হয়, ওই প্রতিনিধিদল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যায়। এছাড়া বিমানে চিকিৎসার উদ্দেশ্যে ইরানে যাওয়া ২০০ জনের বেশি রোগীও ছিলেন।
হুথিদের অভিযোগের জবাবে শনিবার ভোরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের এসব অভিযোগ ও হুমকি মূলত ইয়েমেনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা। জোটটি আরও জানায়, সৌদি আরবের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলার চেষ্টা বা ইয়েমেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ঘটনা ঘটলে তারা কঠোর জবাব দেবে এবং প্রয়োজন হলে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
২০১৫ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত চলছে। এই সময়ে হুথিরা একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার দায় স্বীকার করেছে। সর্বশেষ এই ঘটনাকে ঘিরে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কসমিক ডেস্ক