বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব-২০২৬-এর লাল গালিচায় আবারও নিজের জাদু ছড়ালেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রতি বছরই তাঁর উপস্থিতির জন্য অপেক্ষা করেন ফ্যাশনপ্রেমীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং এবারের কানে ঐশ্বরিয়ার উপস্থিতি ঘিরে উত্তেজনা ছিল আরও বেশি। কারণ, উৎসব শুরুর আগে ল’রিয়াল প্যারিসের অফিসিয়াল প্রচারণামূলক ব্যানারে তার ছবি না থাকায় গুঞ্জন উঠেছিল—হয়তো এবার তিনি কানে অংশ নেবেন না।
তবে সব জল্পনা উড়িয়ে ফ্রান্সে পৌঁছানোর পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন সাবেক এই বিশ্বসুন্দরী। লাল গালিচায় তাঁর একের পর এক রাজকীয় লুক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে তাঁর আলোচিত ‘সোয়ান লুক’ এখন নেটদুনিয়ার অন্যতম আলোচিত বিষয়।
ঐশ্বরিয়ার সেই সাদা পোশাকটি প্রথম দেখায় সাধারণ প্যান্টস্যুট মনে হলেও কাছ থেকে বোঝা যায় এর সূক্ষ্ম নকশা ও শিল্পসৌন্দর্য। ব্লেজারের ল্যাপেলে ছিল রুপালি অলঙ্করণের কাজ, ট্রাউজারে ছিল লেসের সূক্ষ্ম ডিজাইন এবং হাতার নিচে ব্যবহার করা হয়েছিল নেট ফ্যাব্রিক। তবে পুরো লুকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল কাঁধজুড়ে জড়ানো বিশাল সাদা পালকের বোয়া। এই বিশেষ স্টাইলই তাকে যেন বাস্তবের রাজহাঁসে রূপ দেয়।
জানা গেছে, এই পোশাকটি তৈরি করেছেন চীনা ডিজাইনার চেনি চ্যান। ডিজাইনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে ঐশ্বরিয়ার জনপ্রিয় সিনেমা ‘দেবদাস’ ও ‘তাল’-এ তার সাদা পোশাকের আইকনিক লুক থেকে। সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, “ঐশ্বরিয়াকে যেন স্বর্গের পরীর মতো লাগছিল।” আবার কেউ কেউ তাকে ‘দেবী’ বলেও অভিহিত করেছেন।
মেকআপেও ছিল রাজকীয় পরিমিতি। হালকা ম্যাট আইশ্যাডো, মাসকারা, বোল্ড লিপ কালার এবং খোলা চুলের স্টাইল পুরো লুকে এনে দেয় রহস্যময় আবেদন। ল’রিয়াল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানের মঞ্চে হাজির হওয়া ঐশ্বরিয়ার এই উপস্থিতিকে ব্র্যান্ডটির পক্ষ থেকেও বিশেষভাবে প্রশংসা করা হয়েছে।
এর আগে কানের লাল গালিচায় আরেকটি লুকেও ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি রয়্যাল ব্লু ‘লুমিনারা’ গাউনে যেন অন্য এক ঐশ্বরিয়াকে দেখেছে দর্শকরা। প্রায় ১ হাজার ৫০০ ঘণ্টা ধরে তৈরি হওয়া এই গাউনে ছিল ক্রিস্টাল ভেইন এমব্রয়ডারি এবং ডানার মতো স্ট্রাকচার। আলো পড়ার সঙ্গে সঙ্গে গাউনটি ঝলমল করছিল। ফ্যাশন সমালোচকদের ভাষায়, এটি ছিল “পোশাক নয়, বরং এক ধরনের আলোর শক্তিক্ষেত্র।”
এবারের কানের আরেকটি বড় আকর্ষণ ছিল ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা বচ্চনের আনুষ্ঠানিক অভিষেক। প্রথমবার মায়ের সঙ্গে লাল গালিচায় হাঁটেন আরাধ্যা। মেরুন ও গোলাপি রঙের জমকালো গাউনে তাকে দেখা যায় আত্মবিশ্বাসী ও পরিণত লুকে। তার পোশাকের দীর্ঘ কেপ ও সিম্পল মেকআপও দর্শকদের নজর কাড়ে। মা-মেয়ের একসঙ্গে তোলা ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ফরাসি রিভিয়েরার এক গালা অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে আবার দেখা যায় হালকা গোলাপি রঙের ফ্লোরাল এমব্রয়ডারি করা কেপ গাউনে। মার্জিত ও অভিজাত সেই লুকেও তিনি ছিলেন অনন্য। মজার বিষয় হলো, এত আড়ম্বরপূর্ণ পোশাকের সঙ্গেও তিনি গয়নায় রেখেছিলেন সংযম। শুধু ঝোলা দুল ও হীরার আংটিতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন তিনি।
এদিকে এবারের কান উৎসবে আলিয়া ভাটের উপস্থিতিও আলোচনায় ছিল। ফলে দুই প্রজন্মের দুই বলিউড তারকার ফ্যাশন স্টাইল নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক তুলনা। কেউ আলিয়ার আধুনিক গ্ল্যামারকে এগিয়ে রাখলেও অনেকের মতে, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও রাজকীয় আভিজাত্যে ঐশ্বরিয়ার তুলনা নেই।
সব মিলিয়ে আবারও প্রমাণ হলো—বয়স শুধু একটি সংখ্যা। ফ্যাশন, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস দিয়ে কানের লাল গালিচায় এবারও নিজের অদ্বিতীয় অবস্থান ধরে রাখলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
কসমিক ডেস্ক