দেশে নারীশিক্ষার প্রসার ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে মেয়েদের জন্য অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছিল। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে বর্তমান সরকার অনার্স বা ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার নারীশিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে আরও সক্ষম করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচিও চালু করা হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর পাশাপাশি যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য স্কলারশিপ প্রদানের উদ্যোগও নেওয়া হবে।
সংসদ অধিবেশনের গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সরকার তাদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ ও বিস্তৃত করতে চায়, যাতে তারা শিক্ষা ও কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে।
এদিকে মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্যও নতুন পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ সরবরাহ করতে চায়।
প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারীশিক্ষার প্রসার, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কসমিক ডেস্ক