উদ্যোক্তা বিকাশে ঢাবিতে আন্ত বিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতা শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উদ্যোক্তা বিকাশে ঢাবিতে আন্ত বিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
উদ্যোক্তা বিকাশে ঢাবিতে আন্ত বিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতা শুরু ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত Strategic and Entrepreneurial Leadership (SEL) Summit-এর সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি আন্ত বিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আয়োজকদের মতে, এ উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্বের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে সহায়তা করা।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওএসএল বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণাভিত্তিক, উদ্ভাবননির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা এবং উদ্যোক্তা দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শুধু চাকরিপ্রত্যাশী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে তরুণদের নিজেদের প্রস্তুত করা জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নতুন ধারণা বাস্তবায়নে উৎসাহিত করবে এবং উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য ওএসএল বিভাগের গত এক দশকের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিভাগটি নেতৃত্ব বিকাশ এবং উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্ত বিশ্ববিদ্যালয় Idea Competition-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship (Creative Bangladesh)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাই অংশগ্রহণ করতে পারবেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় নির্বাচিত দলগুলোকে মোট ৩২০ ঘণ্টাব্যাপী উদ্যোক্তা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এ সময় তারা অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরির সুযোগ পাবেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার প্রস্তুতি নিতে পারবেন।

প্রতিযোগিতার জন্য আগামী ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এরপর ২২ ও ২৩ জুলাই অংশগ্রহণকারী দলগুলোর আইডিয়া পিচিং পর্ব অনুষ্ঠিত হবে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত দলগুলো পরবর্তী ধাপের প্রশিক্ষণ ও মেন্টরিং কার্যক্রমে অংশ নেবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, জলবায়ু, জ্বালানি, ই-কমার্স এবং সৃজনশীল শিল্পসহ বিভিন্ন খাতে উদ্ভাবনী ধারণা নিয়ে শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্যোক্তা সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী ধারণাগুলোকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেশের উদ্যোক্তা পরিবেশকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শতাধিক গুম–হত্যার মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফরমাল চার্জ

শতাধিক গুম–হত্যার মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফরমাল চার্জ