দেশের বেসরকারি মাদরাসাগুলোতে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বহুল প্রতীক্ষিত বদলি ব্যবস্থা চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ শীর্ষক নতুন এ নীতিমালা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
নতুন নীতিমালার আওতায় শিক্ষক বদলির পুরো প্রক্রিয়া অনলাইন ও সফটওয়্যারভিত্তিক হবে। ফলে আবেদন, যাচাই-বাছাই, অনুমোদন এবং চূড়ান্ত বদলির আদেশ—সবকিছু প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতি বৃদ্ধি পাবে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, প্রথম নিয়োগের পর কমপক্ষে দুই বছর চাকরি সম্পন্ন না করলে কোনো শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। একইভাবে, একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পুনরায় আবেদন করতে হলেও অন্তত দুই বছর সেখানে কর্মরত থাকতে হবে। একজন শিক্ষক তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
বদলির ক্ষেত্রে শিক্ষকরা প্রথমে নিজ জেলার শূন্যপদের জন্য আবেদন করবেন। নিজ জেলায় সুযোগ না থাকলে নিজ বিভাগের অন্য জেলার প্রতিষ্ঠানে আবেদন করা যাবে। এছাড়া বিশেষ পারিবারিক বা প্রশাসনিক কারণ থাকলে অন্য জেলার প্রতিষ্ঠানেও আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে সফটওয়্যার চারটি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করবে। এগুলো হলো নারী আবেদনকারী, বর্তমান ও কাঙ্ক্ষিত কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং চাকরির জ্যেষ্ঠতা। আবেদনকারীরা অনলাইনে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের নাম পছন্দক্রমে উল্লেখ করতে পারবেন।
নীতিমালায় আরও বলা হয়েছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ের একাধিক শিক্ষককে একসঙ্গে বদলি করা যাবে না। বদলিকৃত শিক্ষকের ইনডেক্স নম্বর নতুন প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে স্থানান্তরিত হবে, ফলে এমপিও সুবিধা, জ্যেষ্ঠতা এবং অন্যান্য আর্থিক সুবিধার ধারাবাহিকতা বজায় থাকবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বদলি-সংক্রান্ত জটিলতা দূর হওয়ার পাশাপাশি শিক্ষক সংকট ব্যবস্থাপনা এবং শিক্ষকদের পারিবারিক ও পেশাগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
কসমিক ডেস্ক