জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে সবচেয়ে বড় আলোচনার বিষয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি এবং অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের অনুপস্থিতি।
আইপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পাওয়া বৈভব সূর্যবংশী এরই মধ্যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াডেও ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় তার। অভিষেকে বড় ইনিংস খেলতে না পারলেও তরুণ এই ক্রিকেটারের ওপর আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। সেই ধারাবাহিকতায় জিম্বাবুয়ে সফরেও তাকে স্কোয়াডে রাখা হয়েছে।
আগামী ২৩, ২৫ ও ২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। স্কোয়াডে সঞ্জু স্যামসনের নাম না থাকায় শুরুতে আলোচনা তৈরি হলেও বিসিসিআই জানিয়েছে, তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি; বরং বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন প্রভসিমরন সিং, যিনি ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকলেও এখনো আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
এদিকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে না থাকা রিঙ্কু সিং আবারও জাতীয় দলে ফিরেছেন। ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন না এলেও বোলিং ইউনিটে একাধিক নতুন মুখ জায়গা পেয়েছেন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন আশোক শর্মা, যশ ঠাকুর এবং হর্ষ দুবে। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা পেসার মায়াঙ্ক যাদবও দলে ফিরেছেন।
অন্যদিকে, এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ এবং আর্শদীপ সিংকে। নতুন ও তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গঠনের দিকেই নজর দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
কসমিক ডেস্ক