কাতারের আমিরের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে সংক্ষিপ্ত সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৫ জুলাই) রাত ৩টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে গত ১৪ জুলাই স্পিকার সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় যান। সফরের মূল উদ্দেশ্য ছিল কাতারের সাবেক আমির এবং বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো।
সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো শোকবার্তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল সানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এই সংক্ষিপ্ত সরকারি সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কসমিক ডেস্ক