২৪ মণ ওজনের ‘মিস্টার বিন’ গরু ঘিরে বগুড়ার হাটে তুমুল আলোচনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২৪ মণ ওজনের ‘মিস্টার বিন’ গরু ঘিরে বগুড়ার হাটে তুমুল আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
২৪ মণ ওজনের ‘মিস্টার বিন’ গরু ঘিরে বগুড়ার হাটে তুমুল আলোচনা ছবির ক্যাপশন:

আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়ার পশুর হাটে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এক বিশাল আকৃতির গরু—‘মিস্টার বিন’। প্রায় ২৪ মণ ওজনের এই গরুটি স্থানীয়দের নজর কাড়ার পাশাপাশি পুরো এলাকার মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি লালন-পালন করেছেন বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ভুগোইল গ্রামের খামারি রুবেল। গত আড়াই বছর ধরে তিনি নিজের খামারে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরুটিকে বড় করেছেন। খামারির দাবি, কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করা হয়নি, বরং খুদ, ভুসি, খৈল, ঘাস ও খড় খাইয়ে গরুটিকে স্বাভাবিকভাবে বড় করা হয়েছে।

গরুটির জন্মও রুবেলের নিজস্ব খামারে থাকা গাভি থেকেই। ছোটবেলা থেকেই এর গঠন ও আচরণ অন্যসব গরুর চেয়ে আলাদা ছিল বলে জানান তিনি। শান্ত স্বভাবের হলেও বাইরে বের করলে কিছুটা চঞ্চল হয়ে ওঠে, আর সেই কারণেই মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘মিস্টার বিন’।

খামারি রুবেল জানান, গরুটির বর্তমান ওজন প্রায় ৯০০ কেজির বেশি, যা স্থানীয়ভাবে ২৪ মণের কাছাকাছি। প্রতিদিন নিয়ম করে দুইবার গোসল করানো হয় গরুটিকে এবং গরম আবহাওয়া এটি সহ্য করতে পারে না। দীর্ঘ সময় যত্নের মাধ্যমে বড় করা এই গরুটি এবার ঈদের বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, “দুই-তিন দিন আগে ওয়েট মেশিনে নেওয়া হয়েছিল। তখন ওজন ৯০০ কেজির বেশি এসেছে। অনেক শখ করে বড় করেছি। এবার ঈদে বিক্রি করতে চাই। কেউ পছন্দ করলে কিছুটা কম দামেও দিয়ে দেব।”

গরুটির সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ৮ লাখ টাকা। খামারির পরিবারের আশা, এই গরু বিক্রির মাধ্যমে তারা তাদের খামার আরও বড় করার সুযোগ পাবেন।

এদিকে ‘মিস্টার বিন’-কে এক নজর দেখার জন্য প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ ভিড় করছেন। স্থানীয়দের মতে, এলাকায় এত বড় গরু আগে খুব কমই দেখা গেছে। অনেকেই এটিকে ঈদের মৌসুমের বিশেষ আকর্ষণ হিসেবে দেখছেন।

স্থানীয় কৃষক আজিবর রহমান বলেন, রুবেল তার গরুটিকে নিজের সন্তানের মতো করে লালন-পালন করেছেন। তার মতে, এমন যত্নে বড় করা গরু এলাকায় বিরল।

বগুড়ার কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মালেক জানান, এটি এলাকার অন্যতম বড় গরু। সম্পূর্ণ দেশীয় খাবারে লালন-পালনের ফলে গরুটির স্বাস্থ্য ভালো রয়েছে। তারা নিয়মিত খামারিকে পরামর্শ দিচ্ছেন এবং আশা করছেন তিনি কোরবানির বাজারে ন্যায্য মূল্য পাবেন।

কোরবানির ঈদ সামনে রেখে এমন বিশাল গরুগুলো এখন দেশের বিভিন্ন হাটে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে ‘মিস্টার বিন’ ইতোমধ্যেই বগুড়ার হাটের অন্যতম আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে দুই দেশ

ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে দুই দেশ