হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৭ জুলাই) ওয়াশিংটনের এ সিদ্ধান্তের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি সমঝোতার আওতায় মার্কিন ট্রেজারি ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সময়সীমা কমিয়ে আগামী ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে বুধবার (৮ জুলাই) ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশিত হয়েছে। ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাব হিসেবেই ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তারা।
সাম্প্রতিক ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে জ্বালানি বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক তেলের দামের ওপর এর প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে।
কসমিক ডেস্ক