চুরি ঠেকাতে পুকুরের চারপাশে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, ভ্যানচালকের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চুরি ঠেকাতে পুকুরের চারপাশে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, ভ্যানচালকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
চুরি ঠেকাতে পুকুরের চারপাশে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, ভ্যানচালকের মৃত্যু ছবির ক্যাপশন:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাছের পুকুরে চুরি প্রতিরোধের জন্য স্থাপন করা বিদ্যুতায়িত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে জড়িয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পাশাপাশি কৃষিকাজও করতেন। তার পরিবারে দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের একটি মাছের পুকুরে চুরি ঠেকাতে রাতে আলোর ব্যবস্থা করার জন্য বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। খুঁটি স্থির রাখতে চারপাশে জিআই তার টাঙানো ছিল। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই জিআই তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল।

বৃহস্পতিবার ভোরে মামুন বিশ্বাস গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। ঘাস কেটে ফেরার পথে পুকুরপাড়ে মাটিতে থাকা বিদ্যুতায়িত জিআই তার তার পায়ে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের অভিযোগ, একই বিদ্যুতায়িত জিআই তারে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, যথাসময়ে ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।

নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস এ ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, পুকুরটি লিজ দেওয়া ছিল এবং লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছেন, তা তার জানা ছিল না। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।

লিজগ্রহীতার দাবি, রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল এবং সকালে তা বিচ্ছিন্ন করার কথা ছিল। তবে অসাবধানতাবশত সংযোগ খোলা হয়নি অথবা অন্য কোনো কারণে তারে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ খাতে ‘অসম চুক্তি’ বড় সংকট, সামনে জ্বালানি ও বিদ্যুৎ

বিদ্যুৎ খাতে ‘অসম চুক্তি’ বড় সংকট, সামনে জ্বালানি ও বিদ্যুৎ