জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনী প্রচার-প্রচারণা চলাকালীন একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়।
হুমকির পর রাতেই তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, বিকেল অনুমানিক সাড়ে ৫টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপরিচিত নম্বর থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন।
এদিন রাত ১১টার দিকে আখতার হোসেন একটি ভিডিও বার্তায় বলেন, “সারা দেশের মতো আমার আসনেও শাপলা কলির নেতাকর্মীরা নানা সময়ে হুমকি দিয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের জয়যাত্রাকে থামানো যাবে না। প্রতিপক্ষ নানাভাবে কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই ঘটনা তারই অংশ হতে পারে।”
আখতার হোসেন প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান এবং জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, “ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার মাধ্যমে রংপুর-৪ আসনের নির্বাচনী পরিবেশে উত্তেজনা তৈরি হয়েছে। এনসিপি প্রার্থী আখতার হোসেনের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রশাসনের পর্যাপ্ত নজরদারি নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।