ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই চোরাকারবারি অস্ত্র ও মাদকভর্তি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যায়।

শনিবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। এতে জানানো হয়, ভোর সাড়ে ৪টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেলেহাটি গ্রামে নিয়মিত টহল চলাকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিজিবি সদস্যরা। পরে দুই ব্যক্তিকে ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্ত পিলার ৫৭/১-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ভেতরে বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গলে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দেয় তারা। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে তাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। অভিযানের সময় কেউ আটক না হলেও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
১১ পরীক্ষার্থীর ১১ শিক্ষক, পাস করেছে মাত্র একজন

১১ পরীক্ষার্থীর ১১ শিক্ষক, পাস করেছে মাত্র একজন