হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা দিল ভারত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা দিল ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা দিল ভারত ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকট এবং সাম্প্রতিক জাহাজ হামলার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে নতুন করে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিক সরবরাহকারী সংস্থাগুলোকে এই নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

ভারতের নৌপরিবহন মহাপরিদপ্তর (ডিজি শিপিং) বুধবার গভীর রাতে জারি করা এক নির্দেশনায় জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করবে—এমন কোনো বাণিজ্যিক জাহাজে নতুন ভারতীয় নাবিক নিয়োগ দেওয়া যাবে না। সরকারের মতে, ওই অঞ্চলের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক জাহাজ হামলার ঘটনাগুলো এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ।

সরকারি তথ্য অনুযায়ী, গত তিন দিনে মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজে হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ডিজি শিপিং জানিয়েছে, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং আশপাশের সমুদ্র অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ঝুঁকি বর্তমানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় জাহাজের অধিনায়কদেরও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থাগুলোর জারি করা সর্বশেষ নিরাপত্তা নির্দেশনা ও সতর্কবার্তা অনুসরণ করতে হবে।

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ। সরকারি তথ্য অনুযায়ী, নাবিক সরবরাহের ক্ষেত্রে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে তিন লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।

এদিকে, মঙ্গলবার জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ইরানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত। একই সঙ্গে দিল্লিতে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ায় এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে শাহজালাল ফার্টিলাইজার কারখানা বন্ধ

জ্বালানি সংকটে শাহজালাল ফার্টিলাইজার কারখানা বন্ধ