পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার জন্য ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সরকারকে আইনি নোটিশ দিয়েছিলেন। আপিল আদালতের এই স্থগিতাদেশের ফলে রমজান মাসেও স্কুল খোলা থাকবে।
কসমিক ডেস্ক