বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক ছবির ক্যাপশন:

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী দফার আলোচনা কতটা অগ্রসর হবে, তা মূলত যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্লেষক জোহরেহ খারাজমি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন করা হলে তবেই আলোচনায় অর্থবহ অগ্রগতির সুযোগ সৃষ্টি হবে। তার ভাষায়, “বল এখন আমেরিকার কোর্টে।”

খারাজমির মতে, বিশেষ করে হরমুজ প্রণালী-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা আপাতত সীমিত। তিনি মনে করেন, সমঝোতার আওতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র দৃশ্যমান পদক্ষেপ না নিলে আলোচনার ফলাফলও সীমিত থাকবে।

তিনি আরও জানান, ইরান বর্তমান দোহা বৈঠককে উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ হিসেবে দেখছে না। এ কারণেই তেহরান থেকে পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি প্রতিনিধিত্ব করছেন। তার মতে, এটি মূলত একটি কারিগরি পর্যায়ের বৈঠক, যেখানে রাজনৈতিক সিদ্ধান্তের পরিবর্তে বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বর্তমান আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব এবং পূর্ববর্তী সমঝোতার কারিগরি বিভিন্ন দিক। এসব বিষয়ে বাস্তব অগ্রগতি অর্জন ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের পরিবেশ কিছুটা ইতিবাচক হলেও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস এখনো পুরোপুরি দূর হয়নি। ফলে ভবিষ্যৎ আলোচনার সাফল্য অনেকটাই নির্ভর করবে সমঝোতার শর্ত বাস্তবায়নে উভয় পক্ষ কতটা আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখে তার ওপর।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমল, কারণ কী?

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমল, কারণ কী?