২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরো ম্যাচজুড়ে নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি লিওনেল মেসির দল। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি আলবিসেলেস্তারা। অতিরিক্ত সময়েও নেওয়া দুটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।
এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়ে পড়ে। বিশেষ করে ম্যাচের আগে ড্রেসিংরুমে মেসির দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর বিতর্ক আরও বেড়ে যায়।
ভিডিওতে দেখা যায়, সতীর্থদের উদ্দেশে মেসি বলছেন, ‘সবাই শান্ত হও। চলো আমরা শান্ত থাকি। শুধু খেলার কথা ভাবি। অন্য সবকিছু ভুলে যাই, শুধু খেলায় মনোযোগ দিই।’
এই বক্তব্যের ‘অন্য সবকিছু ভুলে যাই’ অংশকে কেন্দ্র করে কেউ দাবি করেন, ম্যাচের আগে দলের ভেতরে কোনো অস্থিরতা বা মতবিরোধ ছিল। আবার কেউ এনজো ফার্নান্দেজের দ্রুত হলুদ কার্ড দেখা এবং খেলোয়াড়দের গম্ভীর মুখের সঙ্গে সেই গুঞ্জনের সম্পর্ক খুঁজতে শুরু করেন।
তবে এসব জল্পনা-কল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো ফ্যাবিয়ান আয়ালা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসব কথা শুনে আমরা অবাক হই। মানুষ কীভাবে এমন গল্প তৈরি করে বুঝি না। বাস্তবে এমন কিছুই ঘটেনি। বরং ঠিক উল্টোটা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। বিষয়টি এতটাই সহজ। এর বাইরে কোনো ব্যাখ্যা খোঁজার প্রয়োজন নেই। মাঠে যা ঘটেছে, সেটি নিয়েই আলোচনা হওয়া উচিত।’
একই সুরে কথা বলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও। নিজ শহর পুজাতোতে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনের বিষয়ে তিনি কিছুই জানেন না।
দলের ভেতরে বিভেদ বা অন্তর্দ্বন্দ্ব ছিল কি না—এমন প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, আপনারা কী বলছেন! আমরা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছেলেরা দেশের জার্সির জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। আমাদের মনোযোগ সেদিকেই থাকা উচিত।’
বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে এখন নতুন করে দল গড়ার দিকেই নজর দিতে চায় আর্জেন্টিনা। কোচিং স্টাফের মতে, একটি ম্যাচের ফলকে ঘিরে অযৌক্তিক গুজব ছড়ানোর বদলে মাঠের বাস্তবতাকেই গুরুত্ব দেওয়া উচিত।
কসমিক ডেস্ক