শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঝিনাইদহ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামে ধানের শীষের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর (কাপ-পিরিচ প্রতীক) সমর্থকদের সংঘর্ষে আকরাম হোসেন, ফজলুর রহমান, ফারুক হোসেন, নজরুল ইসলাম ও জাফর উদ্দীন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
একই ইউনিয়নের খড়াশুনি গ্রামে ধানের শীষ সমর্থকদের হামলায় কাপ-পিরিচ প্রতীকের কওসার বিশ্বাস আহত হন।
কালীগঞ্জ উপজেলার কোলা বাজারের খালকুলা গ্রামে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ধানের শীষের সমর্থক রবিউল শেখ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোশারেফ শেখ ও ইব্রাহিম শেখ আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালেব তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহেশপুর উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক