১৫ আগস্ট সকালে মেহেরপুর পৌর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারে ঝোলানো বোমাসদৃশ বক্স ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে এগুলো বোমা নয়, ব্যাটারিচালিত সাউন্ড বক্সের মতো বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যায়। সেখানে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু ঝুলতে দেখা যায়। বস্তুটি দেখতে অনেকটা বোমার মতো হওয়ায় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
পরে সাধারণ মানুষের সহায়তায় বস্তুটি নামিয়ে পানিভর্তি একটি বালতির মধ্যে রাখা হয়। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে বক্সটি খুলে দেখা হয়। তখন সেটি সাউন্ড বক্স আকৃতির একটি যন্ত্র বলে শনাক্ত করা হয়।
এরপর শহরের কোর্ট মোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনেও বৈদ্যুতিক খুঁটির তারে একই ধরনের আরও দুটি বস্তু ঝোলানোর খবর পাওয়া যায়। পরে কোর্ট মোড়ের বস্তুটিও উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক তারে ঝোলানো এসব বক্স দেখতে বোমার মতো ছিল। একই সঙ্গে বক্সগুলো থেকে শেখ মুজিবের ভাষণ বাজছিল। ১৫ আগস্ট সকালে গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে এ ধরনের বস্তু ঝুলতে দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
তিনি আরও জানান, কারা এসব বস্তু বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে।
ঘটনাটি ঘিরে বোমা আতঙ্ক তৈরি হলেও পুলিশ প্রাথমিক পরীক্ষায় কোনো বিস্ফোরক বস্তু পাওয়ার কথা জানায়নি। তবে বস্তুগুলো সেখানে কে বা কারা এবং কী উদ্দেশ্যে স্থাপন করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
কসমিক ডেস্ক