টানা ভারি বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে ১৬ জুলাই থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত পর্যটনকেন্দ্রটিতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
বুধবার (১৫ জুলাই) রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক টানা বর্ষণে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় নদী, ছড়া ও ঝিরির পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর প্রভাবে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্রের বিভিন্ন অবকাঠামোও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশাসনের মতে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামত এবং পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে ভ্রমণ ও অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হবে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে পর্যটকদের জন্য কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বান্দরবান জেলার সদরসহ সাতটি উপজেলায় জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড়ধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসন এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।
ভ্রমণপিপাসুদের প্রতি প্রশাসনের আহ্বান, নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত দেবতাখুমে ভ্রমণের পরিকল্পনা থেকে বিরত থাকুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।
কসমিক ডেস্ক