সুজানগরে পুলিশের টহল দলের ওপর হামলা, ভাঙচুর দুটি গাড়ি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সুজানগরে পুলিশের টহল দলের ওপর হামলা, ভাঙচুর দুটি গাড়ি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
সুজানগরে পুলিশের টহল দলের ওপর হামলা, ভাঙচুর দুটি গাড়ি ছবির ক্যাপশন:

পাবনার সুজানগর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। আহত দুই পুলিশ সদস্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ উপলক্ষে এলাকায় মানুষের সমাগম ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করতে পারে।

এ তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় গেলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ পুলিশের।

পুলিশের দাবি, হামলায় তাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তা জানান, ১০ থেকে ১৫ সদস্যের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে শতাধিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে দেখতে পায়। পুলিশকে দেখেই মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আরও কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে হামলা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, তিনি জেলার বাইরে অবস্থান করছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার দাবি, খেলা দেখার পর স্থানীয় কয়েকজন খিচুড়ি খাচ্ছিলেন। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করলে স্থানীয় লোকজন, এমনকি নারীরাও বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেয়। পরে পুলিশের গাড়িতে হামলা ও দুই পুলিশ সদস্য আহত হওয়ার কথা তিনি শুনেছেন।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিল সরকা

১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিল সরকা