সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তাদের দক্ষ ও শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা শুধু দেশের নয়, বিশ্বেরও সম্পদে পরিণত হবে।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী জানান, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের নানা ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। ব্যবসা শুরু করার মতো আর্থিক সক্ষমতা নেই—এমন তরুণদেরও সিড মানি দেওয়ার উদ্যোগ রয়েছে। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে বলে জানান তিনি।
জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল পেতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন অধ্যাপক জাহিদ হোসেন। তার মতে, তরুণ জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা, দক্ষতা ও সুযোগ দিতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এ লক্ষ্য অর্জনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানের আলোচকরা তরুণদের বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন এবং নিজেদের পেশাগত নেটওয়ার্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক