প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছেছেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। দিনব্যাপী সফরে মাতারবাড়ী ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ীতে পৌঁছে তিনি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এসব কর্মসূচি শেষে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাবুনগর মাদরাসায় সৌজন্য সাক্ষাৎ
সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দীঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন তিনি। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেওয়ার কথা রয়েছে তাঁর।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচি
সফরসূচিতে আরও বলা হয়েছে, বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, রাতে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরে মাতারবাড়ীর গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিদর্শনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং চট্টগ্রামে সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
কসমিক ডেস্ক